আগামীকাল আমার অফিসের ঠিক পাশেই এ আর রাহমানের কনসার্ট। ওনার কনসার্ট প্রথম
দেখি ২০০০ সালে। টি ভিতে। আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছিল, তার মাঝে। মন্ত্রমুগ্ধদের
দেখেছি অনুষ্ঠান। এবার আমার নিজের দেশে। দেখতে যাব বা দেখা উচিত এই জাতীয় কোন
চিন্তা ছিল না। কিন্তু কোন একটা কারনে চিন্তা শুরু হয়েছে আর সেখান থেকেই এই লেখার
সুত্রপাত।
বন্ধু রাকিব এখন নামকরা স্পোর্টস রিপোর্টার। সম্ভবত টিকেট প্রার্থীদের চাপে
গতকাল সে ফেসবুকে একটা লিঙ্ক আপলোড করে। ওই লিঙ্কটাই যত নষ্টের গোঁড়া। চমৎকার একটি
ওয়েব সাইটে টিকেটের মূল্য লেখা ২০০০-৭৫০০০ অনলি।
আমি, মামুন, বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী
লাভ করেছি বর্তমানে একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে প্রথম শ্রেণীর একটি
চাকুরী করছি। আমি আমার তিন মাসের রাষ্ট্র প্রদত্ত হালাল বেতন দিয়েও ওই কনসার্টের
সর্বাধিক দামের টিকেট কেনার ক্ষমতা অর্জন করতে পারি নাই। তবে হ্যাঁ, মিনিমাম দামের
টিকেটটি আমি কেনার সক্ষমতা অর্জন করেছি। কিন্তু তখনই আমার পাশের টেবিলে বসেন আমার
মত অন্য কারো কথা মনে পড়ল। বেচারী তার দুটো ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালাতে রীতিমতো
হিমশিম খাচ্ছে। অথচ তিনিও তার সময়ে সব চেয়ে ভাল ছাত্রদের একজন ছিলেন। তথাকথিত
সরকারী চাকরী করেন। তার জন্য এই ২০০০ টাকা একজন গৃহ শিক্ষকের বেতন।
আপনারা দয়া করে মনে কিছু করবেন না। আপনারা ভাবতেই পারেন, যার টাকা আছে সে
দেখবে, যার টাকা নেই তার দেখার প্রয়োজন নেই। একদম ঠিক ভাবনা। আমিও দ্বিমত করি না।
আমি শুধু সেই সব মানুষের বাস্তব অবস্থার কথা বলতে চাই যাদের সাধ আছে কিন্তু সাধ্য
নাই অথচ সাধ্য না থাকার কোন যৌক্তিক কারন নেই।
যে দেশের প্রাথমিক বিদ্যালয়ের একজন সম্মানিত প্রধান শিক্ষক তৃতীয় শ্রেণীর
পদমর্যাদা ভোগ (!!!!) করেন, যে দেশের প্রথম শ্রেণীর একজন সরকারী কর্মকর্তা তার
পরিবার নিয়ে তিন বছরে একবার ও কোথাও বেড়াতে যাবার মত অর্থ, সৎ ভাবে যোগাড় করতে
পারেন না, যে দেশে একজন চিকিৎসক পাশ দেবার পর পাড়ার ওষুধের দোকান হয় তার ঠিকানা,
দুইশত টাকার জন্য একজন নব্য উকিল পেছন পেছন ঘোরেন একজন সিনিয়রের সেই দেশে মাত্র
কয়েক ঘণ্টা সামনা সামনি গান শোনার মূল্য ৭৫০০০/=
আমি বিশ্বাস করি ও জানি, কোন আসনই খালি থাকবে না। অনেকের মনে আফসোস থেকে
যাবে কাংখিত আসনটি না পাবার, কারো আফসোস হয়ত টিকেট না পাবার। বিশ্ব দরবারে সফল
আয়োজনের জন্য আমারা আরও একবার প্রশংসিত হব। আমরা কখনই ভাববো না কনসার্টের সময় অফিস
থেকে ফেরার পথে জ্যামে আটকে থাকা মানুষগুলোর দীর্ঘ নিঃশ্বাসের কথা, ভাববো না একি
যোগ্যতায়ের দুজন মানুষের মাঝে ইচ্ছাকৃত ভাবে তৈরি আর্থিক শ্রেনী বিভেদের কথা। আমারা
গান শুনবো, এফ এম রেডিও অথবা সিম্ফনি মোবাইল এ।
আমার ২ থেকে ৭৫ হাজার খরচ করার সামর্থ্য নেই ঠিক কিন্তু বাসে ঝুলতে ঝুলতে
কানে হেডফোনে গান শোনার যে আনন্দ তা আমি লক্ষ টাকাতেও বিক্রি করব না।